সিলেটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জুনেল আহমদ দক্ষিণ সুরমা উপজেলার গোপশহরের বাসিন্দা এবং নগরীর কাজী ম্যানশন মার্কেটের ব্যবস্থাপক। এ দুর্ঘটনায় তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলেও আহত হয়েছে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জুনেল আহমদের ছেলে তেলিবাজার এলাকার একটি বিদ্যালয়ের ছাত্র। স্কুল ছুটির পর মোটরসাইকেলে করে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জুনেল আহমদ। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
