পঞ্চগড়ে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।জেলা পুলিশ জানায়, মাদক উদ্ধার, আসামি গ্রেফতার, পরোয়ানা তামিল এবং চুরি-ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) ভোরে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাত দল অস্ত্রসহ পঞ্চগড় সদর উপজেলার দশমাইল এলাকায় প্রবেশ করেছে।এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় ভোর সাড়ে ৪টার দিকে পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের পুরাতন নিশান মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকী ডাঙ্গাপাড়া এলাকার আবু চন্দ্র রায়ের ছেলে প্রদীপ রায় ও চিরিরবন্দর উপজেলার ভুষীর বন্দর এলাকার হযরত আলীর ছেলে জহুরুল ইসলামকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাইক্রোবাস ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং আরও আটজন সহযোগীর অবস্থান জানায়। পরে ভোর ৫টা থেকে সকাল ৭টার মধ্যে পঞ্চগড় সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলের আরও আট সদস্যকে গ্রেফতার করা হয়।গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতমেড়া ইউনিয়নের চেকরমারী ঈদগাহ মাঠসংলগ্ন একটি পাথর গ্যারেজের সামনে আমগাছের নিচে বালুর স্তূপ খুঁড়ে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে বড় ও মাঝারি ধারালো ছুরি, কাটার মেশিন, সিরিঞ্জ, প্লাস, হ্যাক্স ব্লেড, রশি, টর্চলাইটসহ বিভিন্ন সরঞ্জাম এবং সাতটি মোবাইল ফোন।পুলিশ জানায়, গ্রেফতাররা পূর্বে জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
