হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) সপ্তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী রবিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্নের লক্ষ্যে হাবিপ্রবিসাসের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনের প্রাপ্ত ক্ষমতাবলে ৭ম কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২৭ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম। নির্বাচনী তফসিল অনুযায়ী ১৬ ও ১৭ এপ্রিল চলবে মনোনয়ন ফর্ম বিতরণ ও ১৭ এপ্রিল মনোনয়নপত্র জমাদান। কোনো প্রার্থী যদি মনোনয়ন প্রত্যাহার করতে চায় তাহলে ১৮ এপ্রিলের মধ্যে তা করতে হবে। এরপর ১৮ এপ্রিল রাতে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ হবে আগামী ১৯ এপ্রিল (রবিবার) হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস কক্ষে।হাবিপ্রবি সাংবাদিক সমিতির বিদায়ী কমিটির সভাপতি মো. গোলাম ফাহিমুল্লাহ আসন্ন নির্বাচনকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচন মানে শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, এটি আমাদের ঐক্য, উদ্যম ও ভালোবাসার উৎসব। তিনি উল্লেখ করেন, এই সমিতি আমাদের সবার, তাই এর ভবিষ্যৎ গড়ার দায়িত্বও আমাদের সবার।আসন্ন নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি বিদায় নিচ্ছি, কিন্তু সমিতির প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা চিরকাল থাকবে। নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা জানাই।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
