দিনাজপুরের ফুলবাড়ীতে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জোবায়ের হোসেন (৫৫) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত জোবায়ের হোসেন পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের প্রাননাথপুর গ্রামের রামদে হেমরমের ছেলে। তিনি কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং বর্তমানে বিরামপুর উপজেলার বুচকি আবাসনে বসবাস করতেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘আহাদ এন্টারপ্রাইজ’ নামের একটি নাইট কোচ জয়নগর বাজার এলাকায় একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর বাসটি ভ্যানটিকে প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক জোবায়ের হোসেনের মৃত্যু হয়। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন, যাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
