নোয়াখালীর সুবর্ণচরে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিশেষ সম্মেলনটি সম্পন্ন হয়।’প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রমের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আশীষ কুমার কর। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “কৃষিকে কেবল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে একে একটি লাভজনক ব্যবসায় রূপান্তর করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিসমৃদ্ধ ফসল চাষের মাধ্যমেই আমরা একটি টেকসই কৃষি কাঠামো গড়ে তুলতে পারব।”সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, বিশ্ব ব্যাংক ও ইফাদ-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্প স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুবর্ণচর কর্তৃক বাস্তবায়িত এই সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় কৃষি কর্মকর্তা এবং বিপুল সংখ্যক কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আধুনিক কৃষি উপকরণ ও উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করা হয়।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
