খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধভাবে অকটেন পাচারের সময় অভিযান চালিয়ে ৯০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন।শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পলাশ ফিলিং স্টেশনে সেনাবাহিনীর দীঘিনালা জোনের একটি টহলদল এই অভিযান পরিচালনা করে।সেনাবাহিনী সূত্রে জানা যায়, পলাশ ফিলিং স্টেশন থেকে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে অকটেন পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমীর নেতৃত্বে একটি টহলদল সেখানে হানা দেয়। এ সময় ৯০ লিটার অকটেনসহ পাচারের সাথে জড়িতদের হাতেনাতে আটক করা হয়।ঘটনার পরপরই দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ফিলিং স্টেশনের মালিক পরিমল নাথ এবং পাচারকারী রাজন কর্মকারকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত তেল তালিকাভুক্ত করা হয়েছে এবং সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে এবং অবৈধ পাচার রোধে সীমান্ত ও স্থানীয় এলাকায় এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
