নাটোরের বড়াইগ্রামে ইউনিটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার-এর জেলা প্রতিনিধি সাংবাদিক মাহবুব হোসেনের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া পৌরসভার গড়ুমশৈল এলাকায় এ হামলার শিকার হন তিনি।আহত সাংবাদিক বর্তমানে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মাহবুব হোসেন গড়ুমশৈল এলাকার ফারুক হোসেনের ছেলে।লিখিত অভিযোগে সাংবাদিক মাহবুব হোসেন উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে বনপাড়া সাজিপাড়া এলাকার ফরিদের ফার্নিচারের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। পরে হত্যার উদ্দেশ্যে লোহার রড, পাইপ ও হাতুড়ি দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তাঁর মাথায় গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হন। এ সময় হামলাকারীরা তাঁর ব্যবহৃত ৯৫ হাজার টাকা মূল্যের স্মার্টফোন ও নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে তাঁর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়।এ ঘটনায় মাহবুব হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—বনপাড়া সাজিপাড়া এলাকার মোঃ উসমান আলী (৪৫), আরিফ হোসেন, ফরিদ হোসেন, সাজ্জাদ হোসেন এবং গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার সঞ্জয় হোসেন।সাংবাদিক মাহবুব হোসেন অভিযোগ করেন, হামলার পর অভিযুক্তরা এখন মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি ও পুনরায় হামলার হুমকি দিচ্ছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বড়াইগ্রাম স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমান ও বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এনাআই
Source: সময়ের কন্ঠস্বর
