সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসিত চন্দ্র দাস (৩৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে দিরাই পৌর সদরের মজলিশপুর এলাকায় নিজ নির্মাণাধীন বাসায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।নিহত অসিত চন্দ্র দাস উপজেলার সতানন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র দাসের ছেলে। তিনি উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অসিত চন্দ্র দাস পৌর শহরের মজলিশপুর এলাকায় তাঁর নতুন বাড়ির নির্মাণকাজ তদারকি করছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি ইলেকট্রিক মাল্টিপ্লাগের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৭ ও ৪ বছর বয়সী দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ও এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
