যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস (আনলোড) করার সময় ক্রেনের সিলিং তার ছিঁড়ে শাহজাহান আলী (৫৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল হোসেন (৫২) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থলবন্দরের টিটিআই মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি: ৮৯১) সাধারণ সম্পাদক সহিদ আলী জানান, সন্ধ্যায় বন্দরের টিটিআই মাঠে ভারতীয় ট্রাক থেকে লোহার শিট বাংলাদেশি ট্রাকে আনলোড করা হচ্ছিল। এ সময় হঠাৎ ক্রেনের দড়ি (সিলিং তার) ছিঁড়ে নিচে থাকা দুই শ্রমিকের ওপর পড়ে। এতে শাহজাহান ও সোহেল মারাত্মকভাবে আহত হন।খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।নিহত শাহজাহান আলী বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাব আলীর ছেলে। আহত সোহেল হোসেন একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তাঁরা দুজনেই স্থানীয় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নিবন্ধিত সদস্য।শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসেন। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই শাহজাহান আলীর মৃত্যু হয়েছে। আহত সোহেল হোসেনকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।”বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পলাশ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অসাবধানতাবশত ক্রেনের তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং ক্ষতিগ্রস্তদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি।”বন্দরে নিরাপত্তা নিশ্চিত করতে ক্রেন ও অন্যান্য যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন সাধারণ শ্রমিকরা।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
