পেশায় রাজমিস্ত্রি হলেও ‘প্রেমিকা’র কাছে নিজেকে পুলিশের এএসপি পরিচয় দেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মোস্তাফিজুর রহমান (২৮) নামের এক যুবক। তবে এএসপি পরিচয়ের ভুয়া কার্ড বানাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর প্রায় ২ টার সময় রংপুর প্রেস ক্লাব মার্কেটের একটি দোকান থেকে মোস্তাফিজুরকে আটক করা হয়। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের বাসিন্দা।ওই মার্কেটের দোকান মালিক মিজানুর রহমান বলেন, ‘আটক যুবক পুলিশের এএসপি পরিচয়ে একটি আইডি কার্ড প্রিন্ট করার জন্য তার দোকানে আসেন। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।’আটক মোস্তাফিজুর রহমান জানান, তিনি আগে একটি কোম্পানিতে চাকরি করলেও এখন পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি যাকে পছন্দ করেন তাকে পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে কথা বলতেন। তার পছন্দের ওই নারী আইডি কার্ড দেখতে চান। ফলে ওই নারীর আস্থা অর্জন করতে পুলিশের এএসপি হিসেবে আইডি কার্ড বানাতে ওই দোকানে গিয়েছিলেন।রংপুর মহানগর পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার জানিয়েছে তিনি মানসিক রোগী। মানসিক চিকিৎসার প্রমাণপত্র নিয়ে ডাকা হয়েছে।’ইখা
Source: সময়ের কন্ঠস্বর
