মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের কাজে বাধা প্রদান ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী এক ব্যক্তিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেফতারকৃতরা হলেন, ইয়ামিন শেখ (২৭) পূর্ব রাজদিয়া (বাগানবাড়ী) গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে এবং একই গ্রামের মো. হোসেন শেখ (২৭) মো. বাদশা শেখের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় ইয়ামিন শেখ নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশের কাজে বাধা দেন। এ সময় তিনি লোকজন জড়ো করে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টির চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দণ্ডবিধির ১৫১ ধারায় ইয়ামিন শেখ ও তার সহযোগী হোসেন শেখকে গ্রেফতার করে।সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ বলেন, ইয়ামিন শেখ ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় জড়িত ছিল বলে জানা যায়। তবে বর্তমানে সে কোনো পদে আছে কিনা তা নিশ্চিত নই।এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক জাকারিয়া আহমেদ সাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, মাদকবিরোধী অভিযানে বাধা প্রদান ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
