এক রাতের সামরিক অভিযানেই ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন এবং নিজের এই সক্ষমতা প্রমাণের লক্ষ্যমাত্রা হিসেবে ‘আগামীকাল মঙ্গলবার’ (৭ এপ্রিল) রাতকেই ইঙ্গিত করেছেন।ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত একটি বিশেষ অভিযানের বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।বক্তব্যের শুরুতে ট্রাম্প মার্কিন সেনাদের উদ্ধার অভিযানকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, মোট ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ এই অভিযানে অংশ নিয়েছে। ট্রাম্প বলেন, “আমাদের সাহসী যোদ্ধাদের নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনতে আমি সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।”ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ বেশ ভালোভাবেই এগোচ্ছে। মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো দেশটিকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর আগামীকাল রাতেই সেটা হতে পারে।”সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘আগামীকাল রাত’ (মঙ্গলবার রাত ৮টার ডেডলাইন) শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি একটি প্রচ্ছন্ন আলটিমেটাম দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই সম্ভাব্য অভিযানের বিষয়ে পেন্টাগন বা হোয়াইট হাউস থেকে পরবর্তী কোনো সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনার কথা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই উত্তেজনায় বেসামরিক জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
