নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে সাহাদৎ হোসেন সাগর নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে দলীয় পদ ও সকল কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।বহিষ্কৃত সাহাদৎ হোসেন সাগর উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রা কালিমন্দিরে বসে সাহাদৎ হোসেন সাগরসহ কয়েকজন ইয়াবা ও অন্যান্য মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে তাঁদের জেলা জেলহাজতে প্রেরণ করা হয়।বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক সাহাদৎ হোসেন সাগরকে দলীয় সকল পদ-পদবি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।দলের এই সময়োপযোগী সিদ্ধান্তকে তৃণমূলের নেতা-কর্মীরা সাধুবাদ জানিয়েছেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
