পঞ্চগড়ের করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর সজীব (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।রবিবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। পরে সন্ধ্যা ৬টার দিকে নদীর গভীর অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সজীবসহ চারজন তরুণ নদীতে গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানা সজীব ও আরও একজন গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা অপর দুইজন একজনকে উদ্ধার করতে পারলেও সজীব পানিতে তলিয়ে নিখোঁজ হন।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট অভিযান চালিয়ে নদীর গভীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করে।নিহত সজীব পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি ঢাকায় বসবাস করতেন এবং এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে এসেছিলেন। রোববারই তার ঢাকায় ফেরার কথা ছিল।পরিবার ও স্থানীয়দের ভাষ্য, সংসারের আর্থিক অবস্থার উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সজীব। এ লক্ষ্যে তিনি পাসপোর্ট ও ভিসার কাজও সম্পন্ন করেছিলেন।বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় চার ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
