ভোলার লালমোহনে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে মো. আয়াত নামের ৪ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর ছকিনা গ্রামের আব্দুল ওহাব মুন্সী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।নিহত শিশু আয়াত ওই বাড়ির মো. ওবায়দুর রহমান কাজল মুন্সীর ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বাড়ির আঙিনায় সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল শিশু আয়াত। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে আয়াতের দেহ ভেসে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
