রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় ছাত্র ও সাধারণ জনতা। গত কয়েক দিনে এই এলাকায় সড়ক দুর্ঘটনায় একের পর এক প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ হয়ে রবিবার (৫ এপ্রিল) সকালে মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই কর্মসূচিতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।সকাল ১০টা থেকেই গড়ের মাথা এলাকায় লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে শুরু করেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ এলাকাবাসীরা। তারা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে মুহূর্তের মধ্যে ঢাকা ও রংপুরমুখী লেনে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনগুলোও যানজটে আটকা পড়ে চরম বিড়ম্বনায় পড়ে।বিক্ষোভকারীদের অভিযোগ, মহাসড়কটি চার লেনে উন্নীত করা হলেও গড়ের মাথার মতো গুরুত্বপূর্ণ চার রাস্তার মোড় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক। গত ২ বছরে এই পয়েন্টে অন্তত ২০টি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, যাতে অকালে ঝরে গেছে বহু প্রাণ।গুরুত্বপূর্ণ এই মোড়ে কোনো ফ্লাইওভার বা ফুট ওভারব্রিজ না থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে।প্রশস্ত ডিভাইডার থাকলেও পর্যাপ্ত ইউটার্ন না থাকায় দূরপাল্লার দ্রুতগতির যানবাহনের সঙ্গে স্থানীয় যানবাহনের প্রায়ই সংঘর্ষ ঘটছে।অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ এবং মিঠাপুকুর থানা পুলিশের একটি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান ও মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান।প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন এবং জনস্বার্থে তাদের দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান আগামী মঙ্গলবার বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্টদের সাথে বিস্তারিত আলোচনার প্রস্তাব দেন। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের সুনির্দিষ্ট নিশ্চয়তা পেয়ে দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্র-জনতা।অবরোধ প্রত্যাহারের পর পুলিশি তৎপরতায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন,মঙ্গলবারের বৈঠকে সুনির্দিষ্ট ও টেকসই সমাধান না আসলে তারা পুনরায় আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান বলেন, আন্দোলনকারীদের দাবি অত্যন্ত যৌক্তিক। আমরা তাদের আশ্বস্ত করেছি।আগামী মঙ্গলবার একটি সমন্বিত বৈঠকের ডাক দিয়েছি। আশা করছি দ্রুতই একটি ইতিবাচক সমাধান বেরিয়ে আসবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
