মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলিসহ মাহফুজুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাহফুজুর রহমান গোসাইবাগ এলাকার বাসিন্দা।জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ডিবি পুলিশের একটি দল রাত আড়াইটার দিকে মাহফুজুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের প্লাস্টিকের ওয়্যারড্রোব থেকে মাহফুজুর রহমান নিজ হাতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলি বের করে দেন।তিনি আরো জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের উৎস কী এবং এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযান শেষে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।পিএম
Source: সময়ের কন্ঠস্বর
