ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সরব হয়েছেন টলিউড তারকারা। অভিনেতার মৃত্যুর পেছনে অবহেলার অভিযোগ তুলে শনিবার দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ‘আর্টিস্ট ফোরাম’। অভিযুক্ত করা হয়েছে চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলীর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে। ভারতীয় গণমাধ্যমের খবর, শনিবার দুপুর আড়াইটার দিকে থানায় হাজির হন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিরঞ্জিত চক্রবর্তীসহ জ্যেষ্ঠ শিল্পীরা। এ সময় রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও তাদের সঙ্গে ছিলেন। এর আগে শুক্রবার রাতে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে জরুরি বৈঠকে বসে শিল্পী সংগঠন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্তসহ আরো অনেকে। সেখানেই রাহুলের মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিরপেক্ষ তদন্তের দাবিতে ‘জাস্টিস ফর রাহুল’ শিরোনামে একটি পদযাত্রারও আয়োজন করা হয়েছে। অভিনেতার মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে টালিউডে শোক ও উত্তেজনার আমেজ বিরাজ করছে। যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন অভিনয়শিল্পীরা।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
