মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাসেল (২০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার কিছু আগে এই হামলার ঘটনা ঘটে। হামলায় রাসেলের ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মাথা, কাঁধ ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।আহত রাসেল বড়রিয়া গ্রামের ভ্যানচালক বাদশা শেখের ছেলে। তিনি পেশায় একজন খোয়া ভাঙার শ্রমিক বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ফেলু ফকিরের ছেলে কাবুল (২৫) পূর্ব শত্রুতার জেরে এই অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় রাসেলকে উদ্ধার করে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে রাসেলের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হামলার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত কাবুলসহ অন্যদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।”বর্বরোচিত এই হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
