পাবনার সাঁথিয়ায় বৃষ্টিহীন আবহাওয়ার মধ্যে আকস্মিক বজ্রপাতে পৃথক স্থানে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।নিহতরা হলেন—উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪), নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) এবং ধুলাউড়ি বারোয়ানি গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৫৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশানঘাট এলাকায় গরুর ঘাস কাটতে গিয়েছিলেন। আকাশে কোনো বৃষ্টি না থাকলেও হঠাৎ তাঁর ওপর বজ্রপাত হয়। দূর থেকে স্থানীয়রা তাঁকে পড়ে যেতে দেখে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে, নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন জানান, বিকেলে মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতে আবু সাইদ ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি এলাকায় অত্যন্ত সহজ-সরল ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।অন্যদিকে, একই দিন বিকেলে মাঠ থেকে পেঁয়াজ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যু হয় কৃষক আব্দুল কুদ্দুসের। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে তিন কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
