নাটোরের গুরুদাসপুরে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ এই দণ্ড প্রদান করেন।পৌর সদরের গুরুদাসপুর থানার পাশে অবস্থিত ‘মেসার্স যমুনা ট্রেডার্স’-এর মালিক আব্দুল মতিন সরকারি নির্ধারিত দাম অমান্য করে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ২ হাজার টাকায় বিক্রি করছিলেন। উল্লেখ্য, তিনি যমুনা ও টোটাল এলপিজি গ্যাসের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার পরিবেশক। ১৩৯৩ টাকায় কেনা গ্যাস সিলিন্ডার প্রতিটিতে ৬০০ টাকারও বেশি লাভে বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যবসায়ী অপরাধ স্বীকার করায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে তিনি মুক্তি পান।অভিযুক্ত পরিবেশক আব্দুল মতিন দাবি করেন, “আগামী বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়বে—এমন তথ্য কোম্পানি থেকে তাঁকে জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তিনি দাম বাড়িয়েছিলেন।” তবে নিয়ম বহির্ভূতভাবে এই দাম বাড়ানো তাঁর ঠিক হয়নি বলেও তিনি স্বীকার করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বেশি দামে গ্যাস বিক্রির তথ্য জানতে পেরে এই অভিযান চালানো হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁকে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে যেখানেই অনিয়ম পাওয়া যাবে, সেখানেই অভিযান অব্যাহত থাকবে।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর
