রংপুরের বদরগঞ্জে মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ২ জন।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জাহিদ সরকার ও রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর গফুর।মদপানে মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০), শিবপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও রংপুর সদর উপজেলার চন্দনপাঠ ইউনিয়নের শ্যামপুর সাহাপাড়া গ্রামের সাইদার রহমানের ছেলে জিন্দার আলী।অপরদিকে, বিষাক্ত মদপানে বদরগঞ্জ উপজেলা গোপালপুর ইউনিয়নের কিশামত বসন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম ও রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দরের দর্জি আনিচুল ইসলাম এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হাসপাতালে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি গোপালপুর ইউনিয়নের কিশামত বসন্তপুর নয়া পাড়ায় মাদক কারবারি জয়নুল আবেদিনের থেকে রেকটিফাইড স্পিরিট কিনে পাঁচজন পান করেন। ওই স্পিরিট পান করে দুইজন বাড়িতেই মারা যান, একজন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। অসুস্থ অবস্থায় আরও দুইজন গোপনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল রেকটিফাইড স্পিরিটসহ মাদক কারবারি জয়নুল আবেদিনকে গ্রেপ্তার করেছে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জাহিদ সরকার বলেন, “মদপানে দুজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অসুস্থ দুইজন গোপনে চিকিৎসাধীন রয়েছেন।”অপরদিকে রংপুর সদর কোতয়ালী থানার ওসি আব্দুর গফুর জানান, “বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে নিজ বাড়িতে সদর উপজেলার শ্যামপুর সাহাপাড়া গ্রামের সাইদার রহমানের ছেলে জিন্দার আলী আজ মারা গেছেন।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর
