দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম। বন্দরনগরী হিসেবে অর্থনীতি, বাণিজ্য ও শিল্পের অন্যতম কেন্দ্র। অথচ এই নগরীতেই গত ১৭ বছরে পরিকল্পিত আবাসিক, বাণিজ্যিক কিংবা শিল্প এলাকা গড়ে তুলতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই দীর্ঘ সময়ে নগরীতে দুই হাজার একরেরও বেশি জমিতে পরিকল্পিত এলাকা গড়ে তোলার বাস্তব সুযোগ থাকলেও একটি প্লটও তৈরি বা বরাদ্দ দিতে পারেনি সংস্থাটি। সংশ্লিষ্টরা বলছেন, নগর পরিকল্পনা আইন ও চট্টগ্রাম মহানগরীর মাস্টার প্ল্যানে স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই।নগর উন্নয়ন সংশ্লিষ্টরা বলছেন, এই ব্যর্থতা শুধু সিডিএর প্রশাসনিক অকার্যকারিতাই নয়, বরং এটি চট্টগ্রামের ভবিষ্যৎ নগরজীবনের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছে।সিডিএ আইন অনুযায়ী প্রতি বছর নগরীতে অন্তত ৫০ হেক্টর জমিতে পরিকল্পিতভাবে আবাসিক, বাণিজ্যিক কিংবা শিল্প এলাকা গড়ে তোলার কথা। একই বিষয় অন্তর্ভুক্ত রয়েছে চট্টগ্রাম মহানগরীর মাস্টার প্ল্যানেও। পরিকল্পিত নগরায়ণের মূল উদ্দেশ্য হলো ভূমির অপব্যবহার রোধ, প্রশস্ত সড়ক নির্মাণ, পর্যাপ্ত খেলার মাঠ ও উন্মুক্ত স্থান নিশ্চিত করা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও টেকসই পরিবেশ তৈরি করা।কিন্তু বাস্তবে এই পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় নগরীতে বস্তির বিস্তার ঘটছে, অপরিকল্পিত ভবন গড়ে উঠছে, সরু সড়কে যানজট বাড়ছে। অনেক এলাকায় ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স ঢোকার সুযোগ নেই। এতে মানুষের জীবন, ধনসম্পদ এবং সামগ্রিক নগর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে।সিডিএর একটি সূত্র জানায়, গত ১৭ বছরে যদি দুই হাজার একর জমিতে পরিকল্পিত উন্নয়ন করা যেত, তাহলে সেখানে অন্তত ১২ হাজার প্লট তৈরি করা সম্ভব ছিল। এসব প্লট সাধারণ মানুষের কাছে বরাদ্দ দেওয়া গেলে একদিকে নগরবাসীর আবাসন সংকট কিছুটা হলেও লাঘব হতো, অন্যদিকে সিডিএর তহবিল শক্তিশালী হয়ে নগর উন্নয়নের নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হতো।কিন্তু বাস্তবতা হলো, একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও প্রতিবারই প্রকল্প থমকে গেছে ভূমির মৌজা দর ও হুকুমদখল সংক্রান্ত নীতির কারণে।১৯৫৯ সালে প্রতিষ্ঠিত সিডিএ তার যাত্রার শুরু থেকে দীর্ঘ কয়েক দশকে নগরীতে ১২টি আবাসিক এলাকা গড়ে তুলতে সক্ষম হয়েছিল। এসব আবাসিক এলাকায় মোট ৬ হাজার ৩৬৪টি প্লট বরাদ্দ দেওয়া হয়। সর্বশেষ ২০০৮ সালে অনন্যা আবাসিক এলাকা গড়ে তোলে সংস্থাটি। সেই প্রকল্পের পর গত ১৭ বছরে আর কোনো নতুন আবাসিক এলাকা বাস্তবায়ন করতে পারেনি সিডিএ।অনন্যা আবাসিক এলাকার দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও বাস্তবতা ও হিসাব-নিকাশের কঠিন দেয়ালে বারবার মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি।সিডিএ কর্মকর্তাদের অভিযোগ, সরকার নির্ধারিত মৌজা ভ্যালু অনেক ক্ষেত্রেই বাস্তব বাজারদরের সঙ্গে কোনো মিল রাখে না। নগরীর আশপাশের বহু এলাকায় যেখানে জমির বাজারদর কাঠাপ্রতি দুই লাখ টাকাও নয়, সেখানে মৌজা দর নির্ধারণ করা হয়েছে সাত থেকে দশ লাখ টাকা পর্যন্ত। এর ওপর হুকুমদখলের ক্ষেত্রে ওই মৌজা দরের তিন গুণ টাকা পরিশোধের বাধ্যবাধকতা থাকায় জমি অধিগ্রহণের ব্যয় কয়েকগুণ বেড়ে যাচ্ছে।একজন কর্মকর্তা জানান, হাটহাজারীর অনুন্নত এলাকায়, যেখানে রাস্তাঘাট নেই, যোগাযোগ ব্যবস্থা দুর্বল, নাগরিক সুবিধা নেই, সেখানে প্রতি কাঠা জমি হুকুমদখল করতে গেলে বিশ লাখ টাকারও বেশি গুনতে হচ্ছে। এরপর ভূমি উন্নয়ন, সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান তৈরি করতে কাঠাপ্রতি আরও আট থেকে দশ লাখ টাকা খরচ হয়।সব মিলিয়ে একটি প্লট তৈরি করতে কাঠাপ্রতি ব্যয় দাঁড়ায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা। এ অবস্থায় প্রতি কাঠা ৪০ লাখ টাকার নিচে প্লট বিক্রি করা কার্যত অসম্ভব হয়ে পড়ে।সংশ্লিষ্টরা বলছেন, শহর থেকে বহু দূরের এলাকায় প্রতি কাঠা ৪০ লাখ টাকায় প্লট কিনতে সাধারণ মানুষ আগ্রহ দেখাবে না। এতে সিডিএ বিনিয়োগ করেও ক্রেতা না পাওয়ার ঝুঁকিতে পড়বে। বাস্তবতা বিবেচনায় ২০১৬ সালেই ‘অনন্যা আবাসিক (দ্বিতীয় পর্যায়) প্রকল্প’ কার্যত স্থবির হয়ে পড়ে।একনেকে অনুমোদিত ২ হাজার ৮৩২ কোটি ৯৭ লাখ টাকার এই প্রকল্পটি প্রথমে পাঁচলাইশ, কুয়াইশ ও বাথুয়া মৌজার ৪১৮ দশমিক ৭৩ একর জমিতে বাস্তবায়নের পরিকল্পনা ছিল। পরে মৌজা দরের কারণে পাঁচলাইশ ও কুয়াইশ মৌজা বাদ দিয়ে হাটহাজারীর বাথুয়া ও শিকারপুর মৌজার ২৭৬ একর জমিতে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সেখানেও প্লটের সম্ভাব্য মূল্য ৩৫–৪০ লাখ টাকার নিচে নামানো সম্ভব না হওয়ায় প্রকল্পটি আলোর মুখ দেখেনি।সিডিএর এক কর্মকর্তা বলেন, বর্তমান নিয়মে ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন করে আবাসিক এলাকা গড়ে তুললে তিন কাঠার একটি প্লটের দাম কোটি টাকা ছাড়িয়ে যাবে। এতে মধ্যবিত্তের জন্য প্লট কেনা একেবারেই অসম্ভব হয়ে পড়বে। ক্রেতা না থাকলে সিডিএর তহবিল আরও সংকটে পড়বে।বর্তমান পরিস্থিতিতে প্রচলিত নিয়মে চট্টগ্রামে পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলা প্রায় অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, ভূমির মৌজা দর পুনর্বিবেচনা, হুকুমদখল নীতিতে সংস্কার এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থা ছাড়া এই সংকট থেকে বের হওয়া যাবে না।পরিকল্পনাবিদদের পক্ষ থেকে বিভিন্ন বিকল্প প্রস্তাব আসছে বলে জানিয়েছেন সিডিএ কর্মকর্তারা। সেগুলো নিয়ে আলোচনা চলছে। নগরের অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখতে সিডিএর আয় বাড়ানো এখন সময়ের দাবি।এই প্রসঙ্গে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘আমরা লুপ রোড আবাসিক এলাকা এবং অনন্যা দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের চেষ্টা করছি। কিন্তু প্রধান সমস্যা হচ্ছে অর্থ। জমির দাম খুব বেশি, আবার সিডিএর ফান্ডেও পর্যাপ্ত টাকা নেই। একটি জায়গা হুকুমদখল করে আবাসিক এলাকা করতে হলে শুরুতেই বিপুল বিনিয়োগ করতে হয়। পরে প্লট বরাদ্দ দিয়ে টাকা ওঠে। কিন্তু শুরুতে এত বড় বিনিয়োগ দেওয়ার সক্ষমতা এখন সিডিএর নেই। তবুও বিকল্প উপায়ে কিছু করার চেষ্টা করছি।’দীর্ঘ ১৭ বছরে পরিকল্পিত একটি প্লটও তৈরি না হওয়া চট্টগ্রামের নগর ব্যবস্থাপনায় বড় ধরনের সংকেত দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কার্যকর সিদ্ধান্ত না নিলে অপরিকল্পিত নগর বিস্তার আরও ভয়াবহ রূপ নেবে। নাগরিক নিরাপত্তা, পরিবেশ ও জীবনমান, সবকিছুই পড়বে চরম ঝুঁকিতে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৬ বছর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র একই কাতারে নামাজ আদায়
৩৬ বছর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র একই কাতারে নামাজ আদায়

দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। পবিত্র ঈদুল ফিতরে একই জামাতে কাতারবন্দি হয়ে নামাজ Read more

গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী
গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী

গাজীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক কোচ আদিবাসী। এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করেন।সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর Read more

আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ
আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত Read more

হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল
হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার Read more

পরকীয়ার সন্দেহ, স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলেন স্ত্রী
পরকীয়ার সন্দেহ, স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলেন স্ত্রী

বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন— এই সন্দেহে স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছেন স্ত্রী। ভারতের ঝাড়খণ্ড জেলার সেরাইকেলা-খারসোয়ান জেলায় ঘটেছে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন