যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ শহরে এক ফুটবল মাঠে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে শহরের হার্টওয়েল পার্কে এ ঘটনা ঘটে। এতে দুজন ব্যক্তি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লং বিচ ফায়ার ডিপার্টমেন্ট।প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল ৪টার দিকে একটি একক ইঞ্জিনচালিত বিমান হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে পার্কের মাঝখানে আছড়ে পড়ে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুসারে, বিমানটি উড্ডয়ন করেছিল ক্যালিফোর্নিয়ার মুরিয়েটার ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দর থেকে।বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘটনাস্থল থেকে একজন প্রবীণ পুরুষকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এ ছাড়া, পার্কে উপস্থিত এক নারীও ধ্বংসস্তূপের কাছাকাছি থাকায় আহত হন। তাঁকেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলো ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। এখনো পরিষ্কার নয় ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।এই ঘটনা যুক্তরাষ্ট্রে চলমান একাধিক ছোট বিমান দুর্ঘটনার সাম্প্রতিক প্রবণতার মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াল। মাত্র কয়েক দিন আগেই, টেক্সাসে একটি একক ইঞ্জিনের বিমান খোলা মাঠে জরুরি অবতরণ করে, যেখানে পাইলট আহত হন। এর আগের দিন মিশিগানের একটি বনভূমিতে আরেকটি বিমান দুর্ঘটনায় তিনজন প্রাণ হারান।আরডি
Source: সময়ের কন্ঠস্বর
