ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দিগনগর এলাকার মধুমতি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে সন্ধ্যায় জব্দকৃত জাল উপজেলা পরিষদ পুকুরপাড়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানের নেতৃত্বে ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু অভিযান পরিচালনা করতে সহায়তা করেন।জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলা দিয়ে প্রবাহমান মধুমতি নদীতে এক শ্রেণির অসাধু মৎস্য শিকারিরা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য শিকারে মেতে ওঠেন। পরে গোপন সংবাদ পেয়ে নদীতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। দীর্ঘ সময় অভিযান চালিয়ে ওই নদী থেকে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খাল ও নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল ফেলে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করে আসছে। মাছের সঙ্গে আটকা পড়ে খাল ও নদীর জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। তাই দেশীয় মাছ রক্ষার্থে নদীতে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এনআই
Source: সময়ের কন্ঠস্বর
