যশোরের ঝিকরগাছায় প্রেমিকার সামনে এক প্রেমিক গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কায়েমকোলা বাজারের সলুয়া মোড়ে এ ঘটনা ঘটে।আত্মহত্যা চেষ্টাকারীর নাম হাবিবুর রহমান (২০), চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহিনুর রহমান ওরফে মন্টুর ছেলে। হাবিবুর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।আহতের বন্ধু শাহজালাল জানান, চৌগাছার পাশাপোল গ্রামের মৃত সুজাউদ্দৌলাহ’র মেয়ে জ্যোতির সঙ্গে হাবিবুর রহমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। গত কয়েকদিন ধরে দুই জনের মধ্যে মান অভিমান চলছিল। রোববার রাতে হাবিবুর ও জ্যোতি কায়েমকোলা বাজারের সলুয়া মোড়ে দাঁড়িয়ে কথা বলছিল। এসময় হাবিব তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু জ্যোতি বলে, ‘তুমি চাকরি না পেলে আমার পরিবার তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি হবে না।’ এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাবিব নিজের পকেটে থাকা ছুরি বের করে গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল জানান, ছুরিকাহত হাবিবুর রহমানের গলা অনেকটা কেটে গেছে। আঘাত আর একটু গভীরে গেলে শ্বাসনালী কেটে যাওয়ার সম্ভাবনা ছিল।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
