দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলসমর্থিত ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৯টি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকটি আংশিক প্যানেল অংশ নিচ্ছে এ নির্বাচনে। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও প্রত্যাশা। প্যানেলভিত্তিক লড়াই, স্বতন্ত্র প্রার্থীর উত্থান এবং শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন চাহিদা- সবকিছু মিলিয়ে এবারের ডাকসু নির্বাচন বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।মূলত ডাকসু শুধু একটি ছাত্র সংসদ নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন- সবক্ষেত্রেই ডাকসুর নেতৃত্ব ছিল অগ্রভাগে। ফলে এবারের নির্বাচন কেবল ক্যাম্পাস রাজনীতি নয়, বরং গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনাতেও।নির্বাচনে ৯টি পূর্ণাঙ্গ ও কয়েকটি আংশিক প্যানেল লড়ছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, বামপন্থী সাত সংগঠনের প্রতিরোধ পর্ষদ, উমাম ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। এ ছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ, ছাত্র অধিকার পরিষদসমর্থিত ডাকসু ফর চেঞ্জ, তিন বাম সংগঠনের অপরাজেয় ৭১–অদম্য ২৪ এবং আরও কয়েকটি স্বতন্ত্র আংশিক প্যানেলও প্রতিদ্বন্দ্বিতা করছে। এককভাবেও অনেকে বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন।কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রার্থী হয়েছেন মোট ৪৬২ জন। এর মধ্যে ভিপি পদে ৪৮ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৮ জন লড়ছেন। নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম হলেও কয়েকটি প্যানেল নারী নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দিয়েছে। অন্যদিকে হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,১০৮ জন প্রার্থী। সর্বমোট প্রায় দেড় হাজার প্রার্থী এবারের নির্বাচনে মাঠে রয়েছেন।তবে, সবচেয়ে বেশি আলোচনায় ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদ। শিক্ষার্থীরা মনে করছেন অনেক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী থাকলেও এই শীর্ষ তিন পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে মূলত পাঁচটি প্যানেলের মধ্যে। এগুলো হলো ছাত্রদল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, প্রতিরোধ পর্ষদ এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। কারণ, এসব প্যানেলের কমবেশি নিজস্ব ভোট রয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় আন্দোলন–সংগ্রামের অনেক পরিচিত মুখ এসব প্যানেলে রয়েছেন।ছাত্রদলের প্যানেলে ভিপি পদে প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। জিএস পদে শেখ তানভীর বারী হামিম ও এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ। হামিম ছাত্রদলের কবি জসীমউদ্দীন হল শাখার আহ্বায়ক আর তানভীর বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক।শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম। তিনি সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। জিএস পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।বামপন্থী সাত ছাত্রসংগঠনের সমর্থিত প্রতিরোধ পর্ষদে ভিপি পদে প্রার্থী করেছে শেখ তাসনিম আফরোজ ইমিকে। তিনি ২০১৯ সালের নির্বাচনে ছাত্রলীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্যানেল দিয়ে শামসুন নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হন। এই প্যানেলের জিএস প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু। আর এজিএস পদে রয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। জিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন খান মাহমুদুল হাসান, আল সাদী ভূঁইয়া ও মহিউদ্দিন মুজাহিদ মাহি। সাদী ও মাহি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতা। সাদী সমিতির সদ্য সাবেক সভাপতি আর মাহি বর্তমান সভাপতি। এই প্যানেল থেকে এজিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহেদ আহমেদ।অন্যদিকে, গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলে জুলাই অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ভিপি ও আরেক সমন্বয়ক মো. আবু বাকের মজুমদার জিএস প্রার্থী হয়েছেন। কাদের গণতান্ত্রিক ছাত্রসংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আর বাকের কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্বে আছেন। এই প্যানেল থেকে এজিএস পদে লড়বেন আশরেফা খাতুন। তিনি ছাত্রসংসদের কেন্দ্রীয় মুখপাত্র।আবাসিক হল, একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের আড্ডাস্থলগুলোতে এখন আলোচনার প্রধান বিষয় ডাকসু নির্বাচন। শিক্ষার্থীদের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সহিংসতামুক্ত ক্যাম্পাসের দাবি। তাঁরা বলছেন, আওয়ামী লীগ শাসনামলের মতো ‘গেস্টরুম’ বা ‘গণরুম’ সংস্কৃতি আর ফিরে আসুক, সেটা আমরা চাই না। এ ছাড়াও তাদের দাবির তালিকায় আবাসন সংকটের সমাধান, আধুনিক লাইব্রেরি সুবিধা, গবেষণায় পর্যাপ্ত অর্থায়ন, নারী শিক্ষার্থীর নিরাপত্তাও রয়েছে। শিক্ষার্থীদের ভাষ্য, “দলীয় আধিপত্যে আমরা অতিষ্ঠ। এবারে আমরা চাই পরিচ্ছন্ন ও সাহসী নেতৃত্ব।”তবে, আশাবাদের পাশাপাশি শিক্ষার্থীদের মনে কিছু শঙ্কাও রয়েছে। দলীয় প্রভাব, প্রশাসনের নিরপেক্ষতা এবং ভোটকেন্দ্রে সম্ভাব্য সহিংসতা নিয়ে অনেকেই সংশয়ে আছেন। তাঁদের মতে, প্রশাসন যদি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়, তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।বিশ্লেষকদের মতে, ডাকসুর নেতৃত্ব জাতীয় রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলে। অতীতের ইতিহাসে দেখা গেছে, ডাকসুর অনেক নেতা পরবর্তীতে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্বে পরিণত হয়েছেন। তাই এবারের নির্বাচনের ফল কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়েই সীমাবদ্ধ থাকবে না, বরং জাতীয় রাজনীতিতেও এর প্রতিধ্বনি শোনা যাবে।২০২৫ সালের ডাকসু নির্বাচন কেবল ছাত্রদের ভোটযুদ্ধ নয়; এটি বাংলাদেশের গণতন্ত্রচর্চা ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। শিক্ষার্থীরা চাইছেন এমন এক নেতৃত্ব, যারা দুর্নীতি, সহিংসতা ও দলীয় আধিপত্য থেকে মুক্ত থেকে কেবল শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে।এবার দেখা যাক- এই ভোটযুদ্ধ থেকে কোন নতুন নেতৃত্ব উঠে আসে, যারা আগামী দিনের বাংলাদেশে গণতন্ত্র ও রাজনীতিকে নতুন পথে এগিয়ে নেবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘প্রেমের সম্পর্কে রয়েছেন জয়া’
‘প্রেমের সম্পর্কে রয়েছেন জয়া’

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি Read more

নুরাল পাগলার ভক্ত হত্যায় ৪০০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২
নুরাল পাগলার ভক্ত হত্যায় ৪০০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেল মোল্লা নামে এক যুবকের নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের Read more

বিরামপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
বিরামপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুই ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। দুই জামাতে Read more

চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে গিয়াস উদ্দিন (৪০) নামে স্থানীয় এক ব্যবসায়ী।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় চকরিয়া পৌর শহরের Read more

বান্দরবানে বাঁধের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু
বান্দরবানে বাঁধের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ক্যাংগারবিল এলাকায় বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নেমে দুই চাচাত বোনের মর্মান্তিক মৃত্যু Read more

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৩৯২
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৩৯২

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।এর মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন