চোট কাটিয়ে ফিরলেও পুরোপুরি ফিট নন লিওনেল মেসি। তাই বিশ্রামে রাখা হয়েছে আর্জেন্টাইন তারকাকে। তবে তার অনুপস্থিতি মোটেই উপলব্ধি হতে দেননি লুইস সুয়ারেজ। তার করা জোড়া গোলে মেক্সিকান ক্লাব টিগ্রেসকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে ২-১ গোলের জয় পায় মায়ামি। মায়ামির হয়ে পেনাল্টি থেকে দু’টি গোলই করেছেন লুইস সুয়ারেজ। টিগ্রেসের হয়ে একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল কোররেয়া।ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ ডিফেন্ডার হাভিয়ের আকুইনো ডি-বক্সের মধ্যে হ্যান্ডবলের ফাঁদে পড়েন। ফলে পেনাল্টি পেয়ে যায় মায়ামি। আর পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সুয়ারেজ। তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধেই ইনজুরিতে পড়েন জর্দি আলবা। সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন সাবেক বার্সা ডিফেন্ডার।দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে টিগ্রেসকে সমতায় ফেরান কোররেয়া। তবে ৭৫তম মিনিটে আবারও হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় মায়ামি। স্পট কিক থেকে দ্বিতীয়বারের মতো সফল সুয়ারেজ, এই গোলেই নিশ্চিত হয় দলের জয়।এ জয়ে লিগস কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ইন্টার মায়ামি। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে অরল্যান্ডো সিটি ও মেক্সিকান ক্লাব তোলুকার মধ্যকার বিজয়ী দল।আরডি
Source: সময়ের কন্ঠস্বর
