টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দার্ন টেরিটরির বিপক্ষে ২২ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এ জয়ে কার্যত এখনও সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল নুরুল হাসান সোহানের বাহিনী। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ডারউইনে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার নাঈম শেখ এবং জিসান আলমের ব্যাটে চড়ে শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। মাত্র ৩.৩ ওভারেই ৫৫ রান তুলে ফেলে টাইগাররা। ১১ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন নাঈম শেখ। এরপর সাইফ হাসান (১০ বলে ৩) ও জিশান আলম (২৩ বলে ৩০ রান) দ্রুত বিদায় নিলে রানের চাকা মন্থর হয়ে যায়। ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুকছিল তখন নুরুল ও আফিফ হোসেন চতুর্থ উইকেটে ৩৩ বলে ৪৩ রানের এক জুটি গড়েন। নুরুল আউট হওয়ার পর ইয়াসির আলীকে (১৩ বলে ২২) নিয়ে শেষ ৩১ বলে ৫২ রান যোগ করেন আফিফ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। আফিফ টিকে ছিলেন ৪০ বলে ৪১ রান করে। ইয়াসির অপরাজিত ছিলেন ১৩ বলে ২২ রান করে। নির্ধারিত রান তাড়া করতে নেমে বাংলাদেশি পেসারদের তোপে শুরুটা ভালো হয়নি নর্দার্ন টেরিটরির। হাসান মাহমুদ জেইক ওয়েদারাল্ডকে ফেরানোর পর রিপন মণ্ডল অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডার্সি শর্টকে ও তোফায়েল আহমেদ স্যাম এল্ডারকে ফিরিয়ে দিলে বিপাকে পড়ে নর্দার্ন। তবে ৩৪ রানে ৩ উইকেট হারিয়েও দমে যায়নি নর্দান টেরিটরি। সেখান থেকে কনর ক্যারল ও জর্ডান সিল্ক ৮২ রান যোগ করেন চতুর্থ উইকেটে। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৩০ বলে ৪৩ রান করা ক্যারলকে ফিরিয়ে ভাঙেন জুটি। ৪১ বলে ৪৮ করা সিল্কের উইকেটটিও পেয়েছেন রাকিবুল। ১৪.১ ওভারে ১১৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা নর্দার্ন টেরিটরি এরপর শুধু ব্যবধানই কমাতে খেলেছে। রাকিবুল ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও তোফায়েল আহমেদ।বৃহস্পতিবার নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ মেলবোর্ন স্টারস একাডেমি।আরডি
Source: সময়ের কন্ঠস্বর
