মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করায় ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নাগেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এ সময় তিনি বলেন, অভিযানে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়ায় ফ্যাক্টরির মালিক সুশান্ত রায়কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় আইসক্রিম প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম এবং লৌহজং থানা পুলিশের একটি দল।জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ‘আমরা জেলার ৬টি উপজেলায় নিয়মিত অভিযান চালাচ্ছি। আজ লৌহজংয়ে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করায় ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ এসআর
Source: সময়ের কন্ঠস্বর
