ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের পর আটক হওয়া ১৭ বাংলাদেশি নাগরিককে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।শুক্রবার (১ আগস্ট) দুপুরে মুজিবনগর উপজেলার স্বাধীনতা সড়কের বেলতলা এলাকার ১০৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) আওতাধীন মুজিবনগর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শ্রী তাপস কুমার এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধর্মেন্দ্র।পতাকা বৈঠক শেষে বিএসএফ ১৭ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি জানিয়েছে, হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বিভিন্ন সময়। মূলত দালালচক্রের সহায়তায় তারা ভারতে যান। পরে তারা বিএসএফ কর্তৃক আটক হন এবং আলোচনার মাধ্যমে তাঁদের ফেরত পাঠানো হয়।বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এই ১৭ জনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর
