বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তর চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি তিনতলা ভবনে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) সকাল ৯টার পর, বাসায় একা থাকা সপ্তম শ্রেণির ছাত্র মো. জিহাদ হোসেনকে বেঁধে রেখে মারধর করে দুর্বৃত্তরা। জিহাদ চুনাখালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতির সময় দরজায় দুই অপরিচিত ব্যক্তি নক করে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা জিহাদের মুখ চেপে ধরে খাটের সঙ্গে বেঁধে ফেলে এবং বাঁ হাতে আঘাত করে। পরে তারা ঘরের টাকাপয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। ঘটনার সময় জিহাদের বাবা আমিনুল (মোটরসাইকেল চালক) ও মা বাসায় ছিলেন না। জিহাদের চিৎকারে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া লিলি আক্তার এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং স্থানীয় ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে জানান।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ওসি দেওয়ান জগলুল হাসান জানান, “ঘটনার তদন্ত চলছে, দ্রুত অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”এসআর
Source: সময়ের কন্ঠস্বর
