রাজনৈতিক কারণে বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে দেশের ক্রিকেটে অনিয়মিত হলেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি নিয়মিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি লিগের অনুষ্ঠানে দেখা গেছে তাকে। সেখানে জাতীয় দলের সাবেক ও বর্তমান সতীর্থদের নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। বিশেষ করে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে দীর্ঘ পথচলার প্রসঙ্গ তুলতেই সাকিব বলেন, ‘অনূর্ধ্ব–১৯ থেকেই তামিম আর মুশফিক ভাইয়ের সঙ্গে খেলছি। আমরা প্রায় ২০–২৫ বছর ধরে একসঙ্গে ক্রিকেট খেলেছি। সেই জায়গা থেকে বলতেই হয়, অনেক ঘনিষ্ঠ সময় কেটেছে আমাদের।’তবে সম্পর্কের গভীরতা সময়ের সঙ্গে বদলায় বলেও মন্তব্য করেন সাকিব। তাঁর উপলব্ধি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছু থাকে না।তিনি আরও বলেন ‘এই বয়সে এসে আমি বুঝেছি, ‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছু নেই। যার ওপর আপনি ভরসা করতে পারেন, সেই-ই আপনার প্রকৃত বন্ধু। ক্রিকেটে অনেক ভালো বন্ধু আছে, তবে বাইরের জীবনে এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে।’অনুষ্ঠানে জাতীয় দলের আরও দুই সতীর্থ রুবেল হোসেন ও তাসকিন আহমেদকেও স্মরণ করেন সাকিব। তিনি বলেন, ‘তাদের সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো। তবে যদি কাউকে আলাদা করে বলতে হয়, আমি রুবেল হোসেনের নাম বলব। আমরা ক্রিকেটের বাইরেও অনেক সময় একসঙ্গে মজা করেছি। তাসকিনও আছে।’আরডি
Source: সময়ের কন্ঠস্বর
