জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা’ নিশ্চিতের লক্ষ্যে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে দল থেকে ৭ হাজারের বেশি নেতাকর্মীকে পদচ্যুত বা বহিষ্কার করেছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে, আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে; গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে। এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা।’পোস্টে নেতাকর্মী পদচ্যুত-বহিষ্কার করা কথা উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে ৭,০০০-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন; আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়; বরং সেটিই আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আবারও প্রমাণ হলো যে, বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি, নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করাই।এইভাবেই আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিশেষত তরুণদের, যারা রাজনীতিকে কেবলমাত্র ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না; বরং দেখতে চায় সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে।সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি সব সময়ই নিজেকে আধুনিকায়ন করেছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও শক্তিশালী করছি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে। আমরা অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে আরও বেশি নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা যাতে জাতি আরও এগিয়ে যায় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে। আমরা চাই, বিএনপির পরিচয় হোক, সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে; বিভাজন কিংবা সুবিধাভোগের প্রতীক নয়।এই নেতা বলেন, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা, তাই আমাদের পদক্ষেপগুলোকেও হতে হবে নতুনভাবে চিন্তা-নির্ভর। তবে, আমরা ইতিহাসকে অস্বীকার করি না; বরং তার ভিত্তিতেই এগিয়ে যেতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণকে আশার আলো দেখিয়েছিলেন; জনগণের ক্ষমতায়নকে রাজনীতির কেন্দ্রে প্রতিষ্ঠিত করেছিলেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীনভাবে গণতন্ত্র ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করে গিয়েছেন। আজ আমরা তাদের সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই এগিয়ে চলেছি নতুন যুগে; যেখানে সততা, তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা হবে রাষ্ট্রগঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি।নিজ ঐতিহ্যকে ধারণ করে বিএনপি প্রাধান্য দিচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ, ভবিষ্যতমুখী এবং আধুনিক বাংলাদেশ বিনির্মানের পথযাত্রাকে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, আমরা জানি, তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা বুলি চায় না। জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। আর বিশ্ব চায়, বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র। এই প্রত্যাশাগুলো পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।তিনি বলেন, আমার সহকর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই— আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি, এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেমন আপনাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার ওপর আস্থা রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল। আমরা একসঙ্গে প্রমাণ করবো যে, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণআকাঙ্খিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব, ইনশাআল্লাহ।এর আগে সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনমত গঠন, বিরোধী দলের সমালোচনার জবাব ও সংস্কারের অঙ্গীকার নিয়ে ভোটারদের আশ্বস্ত করতে অক্টোবরের মাঝামাঝিতে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করবে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকটিতে সভাপতিত্ব করেন তারেক রহমান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে টি.এস.এ কর্মীদের বেতন ইস্যুতে অচলাবস্থায় বিমানবন্দর সেবা
যুক্তরাষ্ট্রে টি.এস.এ কর্মীদের বেতন ইস্যুতে অচলাবস্থায় বিমানবন্দর সেবা

যুক্তরাষ্ট্রে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অর্থায়ন নিয়ে কংগ্রেসে অচলাবস্থার মধ্যেই বেতনহীন অবস্থায় কাজ করে যাওয়া ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মীদের বেতন Read more

আমতলীতে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে আগাছা পরিষ্কার অভিযান
আমতলীতে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে আগাছা পরিষ্কার অভিযান

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর আমতলীতে 'আমরা আমতলীবাসী' স্বেচ্ছাসেবী সংগঠনসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ফুটপাত দখলে থাকা ঝোপঝাড় পরিষ্কার করা Read more

ভোলায় মেঘনায় ৩০০ মণ লবণবাহী ট্রলার ডুবি
ভোলায় মেঘনায় ৩০০ মণ লবণবাহী ট্রলার ডুবি

ভোলার মেঘনা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় প্রায় ৩০০ মণ লবণবাহী ‘এমভি দিলোয়ারা-৩’ নামের একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এতে Read more

মায়ের বিশ্বাস ও কনকাসান সাব থেকে যেভাবে বিশ্বজয়ী লাবুশেন
মায়ের বিশ্বাস ও কনকাসান সাব থেকে যেভাবে বিশ্বজয়ী লাবুশেন

জীবনের মোড় কখন, কোনভাবে ঘুরে যাবে তা কেউ কি আগাম আন্দাজ করতে পারে? সম্ভব নয় আন্দাজ করা। কিন্তু পৃথিবীতে যে Read more

কালিয়াকৈরে বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে গজারী বনের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে চন্দ্রা এলাকা থেকে ওই মরদেহটি Read more

গাজায় দুর্ভিক্ষ নেই: জাতিসংঘের পর্যবেক্ষক
গাজায় দুর্ভিক্ষ নেই: জাতিসংঘের পর্যবেক্ষক

যুদ্ধবিরতির পর মানবিক সাহায্যের প্রবাহ বাড়ায় গাজায় আর দুর্ভিক্ষ নেই বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা। স্থানীয় সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন